পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই : লুনা

প্রকাশিত January 6, 2026
পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই : লুনা

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেতা। তার রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির এই ক্রান্তিকালে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
তিনি আরো বলেছেন, আগামীর সুন্দর দেশ গঠনে বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। কারণ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই।
মঙ্গলবার (৬ জানুয়ারি/২২ পৌষ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামে উপজেলা মহিলা দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে তাহসিনা রুশদীর লুনা প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা মহিলা দলের নেতা বিলকিছ আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, জেলা মহিলা দলের নেতা বেগম স্বপ্না শাহিন, উপজেলা মহিলা দলের নেতা জলি বেগম, নূরুন নাহার ইয়াসমিন, বিএনপি নেতা কবির উদ্দিন মেম্বার, সাইদুর রহমান, ধনাই মিয়া, মাসুক মিয়া, নজরুল ইসলাম, গোলাম আকবর ও রিমা বেগম। বিশেষ মোনাজাত করেন বিএনপি নেতা আবুল বশর মো ফারুক। সংবাদ বিজ্ঞপ্তি