বিশ্বনাথ থেকে সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলায় একই পরিবারের ৬ জন আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাতে খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী মসজিদ বাজারে হামলার এ ঘটনা ঘটে।
আহতরা জানান, উপজেলার রহিমপুর গ্রামের মঈনুল ইসলাম ও তার চাচাতো ভাই মুজিবুর রহমানের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই প্রতিপক্ষ মঈনুল ইসলামের ভাই ও ভাতিজাদের দোকানে হামলা চালায়।
হামলাকারীরা দোকান ভাঙচুর করে ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা নিজামুল ইসলাম নামের একজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী মো মাহবুবুর রহমান জানান, থানা পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।