সিকৃবিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশিত January 2, 2026
সিকৃবিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি/১৮ পৌষ) বাদ জুমা সিকৃবি কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরীফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণও কামনা করা হয়।
এ সময় উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।–সংবাদ বিজ্ঞপ্তি