বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট-২ আসনে (ওসমানীনগর-বিশ্বনাথ) বিএনপি প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতও কামনা করেছেন।
তিনি বলেছেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি অন্ধকার সকাল। বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন; কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন নেত্রী। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান ও সংগ্রামের স্মৃতি আজীবন সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।