বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ডেপুটি রেজিস্ট্রার মো বদরুল আমিন স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তার মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। একইসাথে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। জাতীয় রাজনীতির পরিসরে তিনি ছিলেন এক অতুলনীয় সংগ্রামী নেতৃত্বের প্রতীক। বহুবিচিত্র বৈরী বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তিনি যে সুদীর্ঘ রাজনৈতিক পরিক্রমা সম্পন্ন করেছেন তা ছিলো দেশ ও গণতন্ত্রের ইতিহাসে এক দুর্লভ দৃষ্টান্ত। বাঙালি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের যাত্রায় তিনি এক উজ্জ্বল আলোকবর্তিকা। তার প্রশাসনিক প্রজ্ঞা, কৌশলী রাষ্ট্রনায়কসুলভ দূরদর্শিতা ও অবিচল সাংগঠনিক দক্ষতা তাকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। রাষ্ট্র পরিচালনায় তার অবদান বিশেষত কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে স্মরণীয় ও সময়োচিত। তিনি ছিলেন জাতীয় চেতনা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের একজন আপসহীন ধারক। তার মৃত্যু নিঃসন্দেহে জাতির জন্য এক গভীর শূন্যতা সৃষ্টি করবে এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে পরিগণিত হবে।