নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে।
র্যাব-৯ জানায়, গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের বন বিভাগের একটি টহল দল কালেঙ্গা বিট এলাকায় নিয়মিত টহলে বের হয়।
রাত আনুমানিক ২টায় কালেঙ্গা রেঞ্জের নিশ্চিন্তপুর খোয়াইছড়া এলাকায় গাছ কাটার শব্দ পেয়ে টহল দলটি সেদিকে অগ্রসর হয়ে টর্চলাইট জ্বালিয়ে কতিপয় ব্যক্তিকে গাছ কাটতে দেখে। তখন টহল দলের সদস্যরা বাধা দিলে গাছচোররা তাদের দিকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী হয়ে উঠে। একপর্যায়ে গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে টহল দল ফাঁকা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা সটকে পড়ে।
এ ঘটনায় রেমা বন বিটের একজন বিট কর্মকর্তা বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (২২ ডিসেম্বর/৭ পৌষ) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের বৈরাগীটিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নীল রঙের পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় লোহার তৈরি পিস্তল ও ১টি রাবারের কার্তুজ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত দেশীয় পিস্তল ও কার্তুজটি হবিগঞ্জের চুনারুঘাটে রেমা-কালেঙ্গা বনে টহল দলের উপর হামলার সময় গাছচোররা ব্যবহার করেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।