মো আয়মান মিয়া, দিরাই : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর/৩০ অগ্রহায়ণ) বরাম হাওরে এ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি সনজিব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব পাউবোর মাঠ প্রকৌশলী আবদুল কাইয়ুম, দিরাই প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসান, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, মোশাহিদ আহমদ, সুমন রহমান, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও কৃষক প্রতিনিধিগণ।
এ সময় কৃষকের স্বার্থরক্ষায় দ্রুত সময়ে সঠিকভাবে কাজ বাস্তবায়ন করার ঘোষণা দিয়ে ইউএনও সনজিব সরকার বলেন, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।
তিনি জানান ১০২টি স্কিমের মধ্যে ২৬টি স্কিম অনুমোদন করা হয়েছে। এ পর্যন্ত কিছু পিআইসি গঠন করা হয়েছে-বাকিগুলো অতিদ্রুত সময়ের মধ্যে করা হবে।
তিনি জানান, কৃষকরা যাতে তাদের ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ জন্য ইউএনও সকলের সহযোগিতা কামনা করেন।