শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর/২৪ অগ্রহায়ণ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ইউএনও অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে।
এবার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, মহিলা বিষয়ক অফিস ইন্সট্রাক্টর সত্যরঞ্জন দাস তালুকদার, গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেমন্ত কুমার সরকার, বর্তমান প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব।
সভায় বক্তারা বেগম রোকেয়াকে ‘নারী শিক্ষার বাতিঘর’ উল্লেখ করে তার জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরেন।
তারা নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে সমাজের সকল স্তরের মানুষকে এক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ‘জয়িতা’দের সংবর্ধনাও জ্ঞাপন করা হয়।