নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কানাইঘাটে এক যুবক হত্যা মামলা প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া এলাকার সাইফুল ইসলাম ও শাকিল আহমদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল; কিন্তু এক পর্যায়ে ২ লাখ টাকার দেনা পাওনা নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত ৩০ নভেম্বর সাইফুল ইসলাম খুন হন। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের হলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল রবিবার (৭ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল আহমদকে (২২, পিতা আব্দুল হান্নান হানই, রাতছাড়া, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।