জকিগঞ্জকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

প্রকাশিত December 7, 2025
জকিগঞ্জকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মাসুদুর রহমান স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর/২২ অগ্রহায়ণ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় সাংবাদিকরা সমাজের গভীরে প্রেথিত সমস্যাগুলো তুলে ধরেন।
জকিগঞ্জের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর আলোকপাত করে সাংবাদিকরা বেশকিছু এলাকায় অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ার নানা চিত্র তুলে ধরেন।
তারা আরো জানান, অবৈধভোবে মাটি কাটার ফলে উপজেলায় আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে।
সাংবাদিকরা এই ভূমিদস্যুতার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তারা উল্লেখ করেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় তীব্র চাপ সৃষ্টি করছে।
মতবিনিময় সভায় জন্মনিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও হয়রানি নিয়ে অভিযোগ করে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত ও জকিগঞ্জ বাজার এলাকার তীব্র যানজট নিরসনের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সাংবাদিকরা জকিগঞ্জের দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ”সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোনো প্রশাসনিক কাজই সফল হতে পারেনা। আমরা সম্মিলিতভাবে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করবো এবং জকিগঞ্জকে এগিয়ে নিয়ে যাব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ জকিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।