সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা

প্রকাশিত December 3, 2025
সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে সিলেটে জেলা তথ্য অফিসে উদ্যোগে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বুধবার (৩ ডিসেম্বর/১৮ অগ্রহায়ণ) এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তরুণরা অন্যায়ের প্রতিবাদ ও ভালো কাজের প্রশংসা নিঃসংকোচে করতে পারে। তারাই একটা দেশের মূল সম্পদ। তরুণরা জেগে উঠলে কেউ দমাতে পারেনা। আজকের পরিবর্তিত বাংলাদেশ তরুণদের আত্মত্যাগের ফসল। নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো কাজে সফলতার জন্য প্রয়োজন পরিকল্পনা, সততা, নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে কোনো উদ্যোগের সাথে কঠোর পরিশ্রমের সংমিশ্রণ ঘটালেই তাতে সফলতা অর্জন সম্ভব।
অধ্যাপক ড মোহাম্মদ তাজ উদ্দিন তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপদান এবং একটি মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক বলেন, শুরু থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে, ‘আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো।’
তিনি বলেন, সফল উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। অনেক উদ্যোক্তা আছেন যারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।
প্রশিক্ষণ নিয়ে বসে না থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সভায় অংশগ্রহণকারী তরুণদের প্রতি জুলিয়া যেসমিন মিলি আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো আবদুর রউফ শাহ ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর এস এম ইমরোজ এরশাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার।–পিআইডি সিলেট