র‌্যাবের হাতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যায় ২ অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত December 1, 2025
র‌্যাবের হাতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যায় ২ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগে মালার প্রধান আসামিসহ দুই জনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৭ নভেম্বর রাতে লায়ন শাকিল ও তার সহযোগীরা দেলোয়ার হোসেন দিলীপের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। এর জের ধরে সেইদিন রাতেই আবার গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম নিহত হন।
নিহত সাদ্দামের পরিবারের অভিযোগ, দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সাদ্দামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন সাদ্দামের বাবা বাদি হয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রবিবার (৩০ নভেম্বর) আনুমানিক রাত ১০টায় ঢাকার দক্ষিণ বাসাবো এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলীপ (৪৯, পিতা মৃত রফিকুল ইসলাম নেপাল, কান্দিপাড়া, ব্রাহ্মণবাড়িয়া) ও আরেক আসামি বাবুল মিয়াকে (৩৩, পিতা মো হান্নান মিয়া, কান্দিপাড়া, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।