ইলিয়াস আলীর পরিবার মনে করে ‘ধানের শীষ’ চিহ্নে ভোট দিন : লুনা

প্রকাশিত November 28, 2025
ইলিয়াস আলীর পরিবার মনে করে ‘ধানের শীষ’ চিহ্নে ভোট দিন : লুনা

বিশ্বনাথ থেকে সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ”বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেনা। আমরা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা যদি মনে করেন, ইলিয়াস আলীর উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল তাহলে সেই কৃতজ্ঞতা থেকে আমাকে ‘ধানের শীষ’ চিহ্নে ভোট দিন। আমি ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে আপনাদের সামনে এসেছি, আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে।”
তিনি আরও বলেছেন, যারা নিজেদের ইসলামিক দল বলে দাবি করছেন, তারা আসলেই কি ইসলামের আদর্শ মেনে চলছেন।সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলছেন। তারা একদিকে নিজেদের ইসলামী দলের সদস্য দাবি করেন, আবার আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়।
লুনা আরো বলেছেন, ইসলাম সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়। ইসলামে কথার সঙ্গে কাজের মিল থাকা জরুরি। ইসলাম শান্তির ধর্ম-মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়। যারা ইসলামের নাম করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
গত ২৬ নভেম্বর বাদ এশা আবুল হোসেন তালুকদারের বাড়িতে দেওকলস ইউনিয়ন ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নির্র্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টার কমিটির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী প্রমুখ।