বানিয়াচঙ্গে বিলে পাটিবান দেওয়া নিয়ে বিরোধে এক কৃষক নিহত

প্রকাশিত November 23, 2025
বানিয়াচঙ্গে বিলে পাটিবান দেওয়া নিয়ে বিরোধে এক কৃষক নিহত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় একটি বিলে পাটিবান দেওয়া নিয়ে বিরোধের জের ধরে মাহফুজ মিয়া নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ মিয়া (৪৫) হাওরপারের পৈলারকান্দি গ্রামের লিবাস মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বর্ষার পানি কমে যাওয়ায় সম্প্রতি মাহফুজ মিয়া পার্শ্ববর্তী হাওরে একটি বিলের সামনে মাছ শিকারের জন্য বাঁশের তৈরি পাটি (খাটি) দিয়ে বান দেন। এতে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে এহিয়া, মারুফ ও সাকলাইন মিয়া তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জের ধরে ঘটনার সময় মাহফুজ মিয়া পার্শ্ববর্তী বসন্তপুর গ্রাম থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন প্রতিপক্ষ তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে রাস্তায় ফেলে যায়।
স্বজনরা খবর পেয়ে মাহফুজ মিয়াকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মো মিজানুর রহমান জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।