জামায়াত কর্মী মানুষের হক আত্মসাৎ করেনা : অধ্যাপক আব্দুল হান্নান

প্রকাশিত November 21, 2025
জামায়াত কর্মী মানুষের হক আত্মসাৎ করেনা : অধ্যাপক আব্দুল হান্নান

বিশ্বনাথ থেকে সংবাদদাতা : সিলেট-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জামায়াতে ইসলামীর কোনো কর্মী কখনো মানুষের সম্পদ বা হক আত্মসাৎ করেনা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর হবে। সকল ধর্মের মানুষই পাবেন ন্যায় বিচার। আর ক্ষমতায় না গেলেও জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে।
তিনি আরও বলেছেন, জামায়াতে ইসলামী কাউকে খুশি করার রাজনীতি করে না-আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেওকলস ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা এসিস্টেন্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আমীর মোহম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর আমীর এইচ এম আক্তার ফারুক, ওসমানীনগর উপজেলা ভারপ্রাপ্ত আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহীন, এসিস্টেন্ট সেক্রেটারি শাফির আহমদ, তাজপুর ইউনিয়ন আমীর জাহেদ আহমদ, জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান জিলু, শাহ নেছাওর আলী, শাহ রেদুয়ান খান, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মজিদ ও সংগঠক আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন সদস্য আলমগীর হোসেন।