১৯ বিজিবি আটক করেছে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ অন্যান্য পণ্য

প্রকাশিত November 20, 2025
১৯ বিজিবি আটক করেছে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ অন্যান্য পণ্য

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরে প্রায় দেড়কোটি টাকার ভারতীয় জিরার চালানসহ অন্যান্য অবৈধ পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর/৫ অগ্রহায়ণ) সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলায় সীমান্তের আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট পল্লীবিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবি টহল দল সন্দেহভাজন ধানের তুষ ভর্তি একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয়; কিন্তু ট্রাকটি তা উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল ধাওয়া করে আনুমানিক সকাল ১০টায় মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
পরে বিজিবি টহল দল ট্রাক ভর্তি ধানের তুষের বস্তার নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। উদ্ধারকৃত জিরা ও ট্রাকের সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।
এছাড়াও আগেরদিন সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পিঁয়াজ ৩ হাজার ৬০ কেজি, জিরা ১২০ কেজি, গরু ২টি, ইঞ্জিন চালিত কাঠের নৌকা ২টি ও পিকআপ ২টি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৩৯ হাজার ৩৭ হাজার ২০০ টাকা।
উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।