বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে বিয়ের সকল আয়োজন সম্পন্ন হলেও বরের বয়স কম হওয়ায় শেষপর্যন্ত বিয়েটি হয়নি।
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের দরুন নির্ধারিত কমিউনিটি সেন্টারে বরপক্ষ বা কনেপক্ষ-কেউই উপস্থিত হয়নি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর/৫ অগ্রহায়ণ) ঘটনাটি ঘটেছে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নে। বর চাঁনপুর গ্রামের শেখ আমিনুল ইসলাম টিপুর ছেলে এস এম মুমিনুল ইসলাম আর কনে বোয়ালজুড় ইউনিয়নের মাকড়সী গ্রামের আব্দুর রবের মেয়ে খাদিজা বেগম। অনুষ্ঠানস্থল ছিল কালীগঞ্জ তিন ভাই কমিউনিটি সেন্টার। বর-কনে দু’জনের বয়সই প্রায় ১৯ বছর। অর্থাৎ কনের বিয়ের বয়স যথাযথ হলেও বরের বিয়ের বয়স পূর্ণ হতে ২ বছর বাকি।
এই খবর পেয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ ও মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার বিয়েটি বন্ধে উদ্যোগেী হন।
এর পরিপ্রেক্ষিতে মহিলা বিষয়ক অফিসের ফিল্ড সুপার ভাইজার লেহাজ উদ্দিন মুহাম্মদ বাবর এবং জেন্ডার প্রমোটার ও উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্য শাহাব উদ্দিন শাহিন বর ও কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করতে সক্ষম হন।
তারা বর-কনের অভিভাবকদের নিকট থেকে অঙ্গীকারনামাও নিয়ে আসেন।