নির্বাচন বানচালে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : হবিগঞ্জে নুর

প্রকাশিত November 13, 2025
নির্বাচন বানচালে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : হবিগঞ্জে নুর

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : গণঅধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সহসভাপতি-ভিপি নুরুল হক নুর বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে; কিন্তু নির্বাচন বানচাল করার জন্য দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেছেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা ভারত ও লন্ডন থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
বুধবার (১২ নভেম্বর) হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নুরুল হক নুর এসব কথা বলেন।
সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
নুরুল হক নূর বলেন, দেশে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মী যারা কোন অপরাধ করেনি, দেশের টাকা লুটপাট করেনি, জনগণের প্রতি জুলুম করেনি, জনগণের সাথে অন্যায়-অবিচার করেনি, অন্যের জমি- বাড়ি দখল করেনি সেইসব নেতা-কর্মীর জন্য সকল দলের দরজা উন্মুক্ত রাখা দরকার। একজন আওয়ামী লীগ এক সময় করেছে; কিন্তু এখন বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ বা এনসিপি যে দল ভালো লাগে সেখানেই যাক। যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার সুযোগ আছে।