নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ও বিশ্বজনমত আরও সংহত করতে আগামী ১৭ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দোনে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
এর আয়োজন করছে সিলেটের পীরেরবাজার এলাকায় অবস্থিত উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্বের প্রভাবশালী নেতা, পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সম্মেলনের উদ্দেশ্য ও প্রস্তুতি তুলে ধরা হয়।
জামেয়াতুল খাইর আল-ইসলামিয়ার শিক্ষাবিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়। বরং তা মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও দেশটির প্রতি মানবাধিকারবিরোধী অব্যাহত অপরাধ। সিলেটের আন্তর্জাতিক সম্মেলন থেকে বিশ্বের মুসলিম দেশগুলোকে একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হবে।
তিনি জানান, জামেয়াতুল খাইর আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিমের আমন্ত্রণে মাওলানা ফজলুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখতে বাংলাদেশে আসছেন।
সিলেটে ফিলিস্তিন সম্মেলনে লাখো মানুষের সমাগম হবে বলে আয়োজকরা আশা করছেন।
দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্মেলন চলবে। আয়োজনটি সফল করতে সাংবাদিক ও সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও জামেয়াতুল খাইর আল-ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আব্দুল গনি।