রাঙ্গুনিয়ার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

প্রকাশিত November 12, 2025
রাঙ্গুনিয়ার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, ১৯৯৪ সালে রাঙ্গুনিয়ার রাজারহাট বাজারে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ১৯৯৫ সালের ১ আগস্ট আসামিদের যাবজ্জীবন রায় হলে তারা ২০০১ সালে রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট করে; কিন্তু তা খারিজ হয়ে যায়; কিন্তু সাজাপ্রাপ্তরা আত্মসমর্পণ করেনি। তাই আদালত দণ্ডিত আসামিদের বিরুদ্ধে পুনরায় সাজা পরোয়ানা জারির আদেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সনামগঞ্জ ও র‌্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১১ নভেম্বর) আনুমানিক বিকেল পৌণে ৩টায় সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুস ছালামকে (৬০, পিতা মৃত নূর আহম্মদ, রাজাভূবন সিকদারপাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।