হাকালুকি হাওরে জেলেদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা

প্রকাশিত November 11, 2025
হাকালুকি হাওরে জেলেদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওর পারের জেলে সম্প্রদায়ের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ মেম্বার বেলাগাঁও গ্রামের আবুল কাশেম ও বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলার সমন্বয়কারী সম্পা রানী দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে এ প্রচার কার্যক্রমে জেলে সম্প্রদায়ের সাথে আলোচনা করে তাদের আইনি সহায়তা ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়।
ইউপি মেম্বার আবুল কাশেম জানান, এ প্রচার অভিযানে জেলেদের মধ্যে গ্রাম আদালত কী এবং এর মাধ্যমে তারা কীভাবে আইনি সহায়তা পেতে পারে, সে সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
তাদেরকে জানানো হয়, জেলেদের মধ্যে থাকা ছোটখাটো বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি করা হয়ে থাকে, যাতে আদালতের ওপর চাপ কমে এবং কম সময়ে বিচার পাওয়া যায়।
প্রচার অভিযানের লক্ষ্য ছিল গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার জন্য জেলেদের সাথে স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা, মামলার জট হ্রাস ও স্বল্প সময়ে সহজ বিচার প্রাপ্তি নিশ্চিত করা।