নিজস্ব প্রতিবেদক : সিলেট মহনগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী-অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদেরকে টাইফয়েড টিকাদান কার্যক্রম চলছে।
টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন-টিসিভি ক্যম্পেইনের অংশ হিসেবে সোমবার (১০ নভেম্বর/২৫ কার্তিক) সকাল ১০টা থেকে মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকায় জন্মনিবন্ধনবিহীন পথশিশু ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হয়।
এ কর্মসূচি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ বিভাগ জানিয়েছে।
পথশিশুদের মাঝে টিকাদান কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট নভোজ্যোতি দেব, সিসিকের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো সাইফুল ইসলাম, মো আব্দুল মুমিত ও ভ্যাকসিনেটর আব্দুল খালেক।
ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় গত ১২ অক্টোবর থেকে চলমান মাসব্যাপী টিকাদান ক্যম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে।