জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলায় কবরস্থানের জমি উদ্ধার

প্রকাশিত November 8, 2025
জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলায় কবরস্থানের জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে বাজারতল কবরস্থানের জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ২০ আগে এই কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকান নির্মাণ করা হয়েছিল। জেলা প্রশাসক মো.সরোয়ার আলমের নির্দেশে শনিবার (৮ নভেম্বর/২৩ কার্তিক) সকাল ১০টা থেকে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করা হয়।
অভিযানে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ ও সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা সার্বিক সহযোগিতা করে।
জেলা প্রশাসক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দখল আর না হয়।
এ সময় সাহেবের বাজার ও ফড়িংউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সীমানা সংক্রান্ত বিরোধও নিষ্পত্তি করা হয়।
সাহেবের বাজার উন্নয়নের জন্য ড্রেন নির্মাণ, প্রবেশ রাস্তা নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন এবং তোহা বাজারের শেড নির্মাণ ইত্যাদি প্রকল্প গ্রহণের পরিকল্পনাও করা হয়।