দিরাইয়ে উপজেলা বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে মিছিল ও সমাবেশ

প্রকাশিত November 8, 2025
দিরাইয়ে উপজেলা বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে মিছিল ও সমাবেশ

দিরাই প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (৭ নভেম্বর/২৩ কার্তিক) দুপুরে দিরাই পৌরসভার থানা রোডে বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও পৌর বিএনপির যুগ্মআহবায়ক আমিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নাছির উদ্দীন চৌধুরী দিরাই-শাল্লার আপামর জনগণের নেতা। তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেতা নন। দিরাই শাল্লায় নাছির উদ্দীন চৌধুরীর হাজার হাজার নেতা-কর্মী রয়েছেন। তার সাথে কারোর তুলনা হয়না।
তারা বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, কিছু কুচক্রী ও সুবিধাবাদী মহল নাছির উদ্দিন চৌধুরীকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতার নাম ব্যবহার করে তারা দলের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়।
তারা আরও বলেন, ”আমরা নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা আজীবন নাছির চৌধুরীর বিরুদ্ধে ছিলেন তারা এখন তার জন্য মায়া-কান্না দেখান। তাদেরকে দিরাইবাসী চিনেন। সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাই দেওয়া হবে না।”
এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন।