হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর তীব্র ভাঙনে চরম মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।
কালনীর রাক্ষুসে থাবায় কয়েক মাসে নদীর ডান তীরে অবস্থিত শাল্লা গ্রামের বহু পরিবার পৈতৃক ভিটেমাটি হারিয়েছে। চরম ঝুঁকিতে রয়েছে একটি মাদরাসা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসহ শাহগঞ্জ বাজার। ফলে জনমনে সারাক্ষণ আতঙ্ক বিরাজ করছে।
গ্রামবাসীর শঙ্কা, অবিলম্বে ভাঙন ঠেকানো না হলে শাহগঞ্জ বাজার, মাদরাসা এমনকি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রও কালনী নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর আগে নিশ্চিহ্ন হয়েছে বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও রাস্তাঘাট। এছাড়া হবিবপুর ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের বহু পরিবার ভিটেমাটি হারিয়েছে।
ভাঙ্গন কবলিত এলাকাবাসী দীর্ঘদিনের এই ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সুনামগঞ্জ-২) এমদাদুল হক জানিয়েছেন, পূর্বে ভাঙন এলাকায় জিও ব্যাগে মাটি ভর্তি করে ফেলা হয়েছিল। শীঘ্রই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।