তাহিরপুরে প্রতিবন্ধী শিশুধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার

প্রকাশিত November 4, 2025
তাহিরপুরে প্রতিবন্ধী শিশুধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, তাহিরপুর উপজেলার পাটাবুকা এলাকায় এই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে গত ১২ অক্টোবর আনুমানিক বিকেল ৫টায় পাশের বাড়ির এক যুবক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক সোমবার (৩ নভেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় তাহিরপুর উপজেলার সুলেমানপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি মো তানভীরকে (২০, পিতা তাজুল হক, পাটাবুকা, তাহিরপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।