নির্বাচনের আগেই শিক্ষার্থীরা পাবে নতুন বই : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশিত November 2, 2025
নির্বাচনের আগেই শিক্ষার্থীরা পাবে নতুন বই : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো তারা চিহ্নিত করে কাজ শুরু করেছেন। ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে তারা যদি এর ধারাবাহিকতা রক্ষা করে তাহলে ৫ বছর পর প্রাথমিক বিদ্যালয়ের চেহরা বদলে যাবে।
রবিবার (২ নভেম্বর/১৭ কার্তিক) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নতুন বছরের নতুন বই ছাপা হয়ে ইতোমধ্যে গুদামে আসতে শুরু হয়েছে। সুতরাং নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে এম মো শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো নূরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যোগ দেন।