নেতা-কর্মীদের প্রতি সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দের সতর্কবার্তা

প্রকাশিত November 2, 2025
নেতা-কর্মীদের প্রতি সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগ মাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য পরিলক্ষিত হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনের বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর মধ্যে পক্ষ-বিপক্ষ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রকাশিত হয়েছে—যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির নেতৃবৃন্দ সবাইকে আহ্বান জানিয়েছেন, তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন দিকনির্দেশনা ও বক্তৃতায় উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকতে ও ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে।
নেতৃবৃন্দ আরও বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতিতে বিশ্বাস করে। দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর পক্ষ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কখনোই কাম্য নয়।
অতএব, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, যেন ভবিষ্যতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।
এই নির্দেশনা অমান্য করলে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সতর্ক করে দিয়েছেন।