বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত November 2, 2025
বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২ নভেম্বর/১৭ কার্তিক) জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও শ্বেতকপোত ওড়ানো, কেক কাটা, বৃক্ষরোপণ ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে কৃষিশিক্ষা ও গবেষণায় করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৫ এর সভাপতি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো নিজাম উদ্দিন ও সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম. মাহবুব-ই-ইলাহী।
প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেন, জ্ঞান, মেধা ও মননের বিকাশে অনন্য এক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ২০০৬ সালের ২ নভেম্বর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের দূরদর্শী পদক্ষেপে সিলেট অঞ্চলের কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের একক প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
প্রধান অতিথি প্রফেসর ড এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যেই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পথচলা। কৃষিকে টেকসই ও লাভজনক করতে অবশ্যই আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি প্রফেসর ড মো নিজাম উদ্দিন বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগ অপরিহার্য। ঐতিহ্যবাহী সনাতন কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী রূপ দিতে হবে। কৃষিতে প্রযুক্তি, অটোমেশন ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় নিশ্চিত করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড নির্মল চন্দ্র রায়, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড মোহাম্মদ কাওছার হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড মো আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেজিস্ট্রার ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড এম রাশেদ হাসনাত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড মো সাখাওয়াত হোসেন।