বাঘা বিএনপির ঘাঁটি বলেই স্বৈরাচারী আমলে উন্নয়ন হয়নি : ফয়সল চৌধুরী

প্রকাশিত November 2, 2025
বাঘা বিএনপির ঘাঁটি বলেই স্বৈরাচারী আমলে উন্নয়ন হয়নি : ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাঘা বিএনপির ঘাঁটি। এজন্য বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বাঘায় উন্নয়ন হয়নি-বাঘাবাসীর ভাগ্যের উন্নতি হয়নি।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাঘা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে বটরতল বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বাঘা ও আশেপাশের এলাকার দুর্দশার কথা তুলে ধরে বলেন, ‘বুরহান উদ্দিন সড়ক বিএনপি সরকারের আমলে হয়েছিল; কিন্তু এরপর আর কোনো সংস্কার হয়নি। গোলাপগঞ্জবাসীর তেল গ্যাসে বিদ্যুৎ চলে। অথচ আমরা গ্যাস থেকে বঞ্চিত। সুরমা নদীতে একটি ব্রিজের অভাবে গোলাপগঞ্জ থেকে বাঘা ইউনিয়নবাসী পৃথক হয়ে আছেন। আওয়ামী লীগ সরকার চায়নি বাঘাবাসীর ভাগ্যের পরিবর্তন হোক, তাই এ ব্রিজ তারা করেনি। আমরা বিগত দিন সংসদে কোন কাজের মানুষ পাঠাতে পারিনি, যারা আমাদের ন্যায্য দাবি আদায় করবে।’
তিনি বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে উন্নত করার চেষ্টা করেছেন। তিনি শ্রম বাজার উম্মুক্ত করেছিলেন। বাংলাদেশের গার্মেন্টস চালু করেছিলেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল ও সহসাধারণ সম্পাদক সেনাম উদ্দিনের যৌথ পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মোরাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আশফাক আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জামাল আহমদ ও ফ্রান্স যুবদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক লায়েক আহমদ তালুকদার। আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, সদস্য হুসেন আহমদ, আবুল খায়ের, মহানগর কৃষক দলের সদস্য সেলিম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আবুল হাসনাত প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি