বিএনপি ক্ষমতায় গেলে জিলুর খুনিদের বিচারের সম্মুখীন করবে : ফয়সল চৌধুরী

প্রকাশিত November 1, 2025
বিএনপি ক্ষমতায় গেলে জিলুর খুনিদের বিচারের সম্মুখীন করবে : ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ”শহীদ জিলু আমাদের অনুপ্রেরণা। তার আত্মত্যাগ বিএনপি পরিবার তথা সিলেটবাসী কখনো ভুলবেনা। গণতান্ত্রিক আন্দোলনে সিলেটের প্রথম শহীদ হিসেবে জিলুর নাম মানুষ আজীবন স্মরণ রাখবে। জিলুদের কারণেই আজ এই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। ২০২৩ সালের ৩১ অক্টোবর সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে জিলু আহমদ দিলুকে ফ্যাসিস্ট হাসিনা তার পুলিশ দিয়ে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছিল। এখনো এই মামলায় পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জিলু হত্যার সাথে জড়িতদের খুঁজে খুঁজে এনে বিচারের সম্মুখীন করা হবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দড়া ও মদনগৌরি গ্রামবাসীর উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য শহীদ জিলু আহমদ দিলুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ফয়সল আহমদ চৌধুরী জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, ”গোলাপগঞ্জের মানুষ সংগ্রামী-বিপ্লবী। এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে মিথ্যে উন্নয়নের গল্প বলে ভোট নেওয়া যাবেনা। দেশে অনেক ইসলামী দল রয়েছেন, তারা জামায়াতকে সমর্থন করে না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের মানুষ ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকেও ভুল বুঝানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”
বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী মো আব্দুল আহাদের সহযোগিতায় আয়োজিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী ও সিলেট জেলা যুবদলের যুগ্মসম্পাদক সেলিম আহমদ সেলু।
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ ও ইউনিয়ন যুবদল নেতা কাশেম মুন্নার যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শাহজাহান আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শায়েস্তা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তার আহমদ, উপজেলা যুবদলের সদস্য আব্দুস শহীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজীম আহাদ, যুবদল নেতা মামুনুর রহমান, মস্তফা আহমদ, ফুলবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছান আহমদ, যুবনেতা ইমরান হোসেন খান, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি