মধ্যনগরে বিএনপির অফিস ভাংচুর || যুগ্মআহ্বায়কের অপসারণ দাবি

প্রকাশিত October 29, 2025
মধ্যনগরে বিএনপির অফিস ভাংচুর || যুগ্মআহ্বায়কের অপসারণ দাবি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ওয়ার্ড বিএনপির একটি অফিস ভাংচুরের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর/১৩ কার্তিক) দুপুরে উপজেলা সদরে এলাকাবাসীর ব্যানারে মধ্যনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুর, কর্মীদের উপর হামলা ও দোকানপাট ক্ষতিগ্রস্তের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে অভিযোগ করা হয়, গোড়াডোবা বিলে সংঘটিত সংঘর্ষের মামলায় ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জনকে অযথাই আসামি দিয়ে হয়রানি করা হচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোসাহিদ তালুকদারের নির্দেশে তার অনুসারীগণ মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যনগর টুকেরবাজারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও দোকান লুট করে।
তারা দল থেকে মোসাহিদ তালুকদারের অপসারণ দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো এমদাদুল হকসহ মো ইদ্রিছ আলী, পরেশ সরকার, আব্দুল মজিদ প্রমুখ।
এবিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোসাহিদ তালুকদারের সাথে কথা বললে তিনি জানান, ইজারাকৃত বিল নিয়ে একটি ঝামেলা হয়েছিল। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এর নিষ্পত্তি হয়েছে।
তিনি আরও জানান, টুকেরবাজারে বিএনপির অফিস রয়েছে দুইটি-একটি ৬ নম্বর ওয়ার্ডের এবং অন্যটি ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের। হামলাকারীরা ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসসহ ছবি ভাংচুর ও কয়েকটি দোকানে হামলা চালায়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ এসব কর্মকাণ্ড চালাচ্ছে।