নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি || ২ জন গ্রেফতার

প্রকাশিত October 29, 2025
নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি || ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রাম এলাকার কাপড় ব্যবসায়ী মো নিয়াজ উদ্দিন গত ১৮ অক্টোবর আনুমানিক রাত দেড়টায় নরসিংদীর বাবুরহাট থেকে তার দোকানের জন্য কাপড়, সূতা ও অন্যান্য জিনিস কিনে নিয়ে আসার সময় নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ৫ সদস্যের ডাকাত দলের কবলে পড়েন। ডাকাতরা তার ও দুই সহযোগীর হাত ও চোখ বেঁধে মারধর করে তাদের নিকট থেকে নগদ টাকা, ৪টি মোবাইল ফোন ও গাড়িতে থাকা কাপড়সহ সর্বমোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে নিয়াজ উদ্দিন বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (২৯ অক্টোবর/১৩ কার্তিক) রাত ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন সেতু এলাকায় অভিযান চালিয়ে মামলা মূলে মিজানুর রহমান ওরফে রমজান (২৫, পিতা মৃত সমছু মিয়া, বাগেরখাল, বাহুবল, হবিগঞ্জ) আসাদ মিয়া (৩৫, পিতা শুক্কুর আলী, লক্ষীপুর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া)-এ দুজনকে গ্রেফতার করে ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত দু’জনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।