অমৃত জ্যোতি, মধ্যনগর : সুনামগঞ্জের মধ্যনগরে নবনির্মিত বহুল প্রত্যাশিত মধ্যনগর সেতু দিয়ে তিন চাকার যানবাহন পারাপারের বাধা খুব শিগগির দূর হচ্ছে।
উপজেলার প্রশাসনের এক মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্তে এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠলো।
সোমবার (২৭ অক্টোবর/১১ কার্তিক) বিকেলে মধ্যনগর উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সুধীমহল এবং শ্রমিক ও মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এই সভায় মধ্যনগর উপজেলা সদর পারে তিন চাকার সকল যানবাহন স্থানান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফলে ফেরি পারাপারে প্রায় একঘণ্টার দুর্ভোগের কবল থেকে উপজেলাবাসী রক্ষা পাবেন।
মতবিনিময় সভায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো মনিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্মআহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মোসাহিদ তালুকদার, আবুল বাসার প্রমুখ।
উল্লেখ্য, এই ভোগান্তির অবসানের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গণমাধ্যমকর্মীরা সংবাদ-প্রতিবেদন প্রকাশ করেছেন লাগাতার। অতঃপর উপজেলাবাসী স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছেন।