নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল আর নেই। সোমবার (২৭ অক্টোবর/১১ কার্তিক)) সকাল সাড়ে ৬টায় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত ২৪ অক্টোবর সন্ধ্যায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনি রেখে গেছেন।
সিলেট মহানগরীর পল্লবী আবাসিক এলাকা পনিটুলার শশী মোহন ঘোষ ও তমাল বালা ঘোঘের ছেলে শংকর চন্দ্র ঘোষ বাবুল ১৯৬০ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর আখালীয়া নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি চার ভাই ও এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।
শংকর চন্দ্র ঘোষ বাবুল একসময় সিলেটের নাট্যমঞ্চে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশন নাটকেও সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত নাটকগুলো ছিল দর্শকনন্দিত। আশির দশকে তিনি দেশের বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রচুর লেখালেখি করেছেন।
দায়িত্ব পালন করেছেন নাট্যালোক সিলেটের সহসভাপতি, পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও পনিটুলা পঞ্চায়েত কমিটির সদস্য হিসেবে। দলিল লেখক হিসেবেও তার সুনাম ছিল।
তার শেষ কৃত্যানুষ্ঠান আখালিয়ার ব্রাহ্মণশাসন মহাশ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।–সংবাদ বিজ্ঞপ্তি