বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ সিলেটের সব উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় চলমান প্রকল্প বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা সিলেটবাসীর কোনো ভোগান্তি চাই না। তাই যথাযথ মান ঠিক রেখে ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পসহ চলমান সব প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে।’
সিলেটের বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসক খান মো রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) মো হায়দর আলী ও সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলম।
সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো আশিক নূরের পরিচালনায় মতবিনিময় সভায় সিসিক, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ সিলেটের উন্নয়ন কাজের প্রশংসা করে বলেন, তারা ১০টি সিটি কর্পোরেশন সফর করেছেন। তাদের কাছে মনে হয়েছে সিলেট সবগুলো নগরের চেয়ে পরিচ্ছন্ন। তারা এক্ষেত্রে অন্যান্য সিটি কর্পোরেশনে সিলেটকে ‘পাইওনিয়ার’ হিসেবে উপস্থাপন করবেন’।
সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির ওপর তাগিদ দিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। আর এ জন্য প্রয়োজন নিজস্ব আয় বৃদ্ধি। এক্ষেত্রে প্রত্যেক সিটি কর্পোরেশনের অনেক কাজ করার সুযোগ রয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো রেজা-উন-নবী বলেন, মানুষ সিলেটকে একটি স্মার্ট ও পরিচ্ছন্ন মহানগরী হিসেবে দেখতে চায়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন কিছু ধারণা নিয়ে এই বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
জেলা প্রশাসক মো সারওয়ার আলম বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশের কাজ দ্রুত শেষ করতে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসনে কাজ চলছে। আশা করা যায়, নভেম্বরের মধ্যে জমি অধিগ্রহণ কাজ শেষ হয়ে যাবে।
মতবিনিময় সভার আগে ও পরে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ সিলেটের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।–সংবাদ বিজ্ঞপ্তি