দিরাই প্রতিনিধি : দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিষেক, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর/৯ কার্তিক) সন্ধ্যায় উপজেলা গণমিলনায়তনে সংগঠনের সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি সাংবাদিক জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শাহ মোহাম্মদ আলী রব, শাহ আলীনূর, বিষ্ণুপদ দাস ও মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সজিব রশিদ চৌধুরী, কবি মিজানুর রহমান, শিক্ষিকা প্রীতি রানী দাস, প্রশান্ত সাগর দাস ও আবুহানিফ চৌধুরী।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম, পণ্ডিত রামকানাই দাস, সুষমা দাস, বাউল কামালপাশা, বাউল শফিকুন্নূর ও বাউল রনেশ ঠাকুরকে সম্মাননা প্রদান করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অতিথি ও স্থানীয় শিল্পীবৃন্দ।