৩ নদীর সংযোগস্থলে সেতুর দাবি দিরাই জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর

প্রকাশিত October 23, 2025
৩ নদীর সংযোগস্থলে সেতুর দাবি দিরাই জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মিলনস্থল চণ্ডিডহরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
দিরাই উপজেলার হোসেনপুর বাজার এবং জগন্নাথপুর উপজেলার কামারখাল ও শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের কাছে মহাসিং, কামারখালি ও ডাউকা নদীর সংযোগস্থল চণ্ডিডহর নামে পরিচিত, যেখানে খেয়া নৌকায় নদী পারপারে যেমন ঝুঁকি থাকে তেমনি অনেক সময় লাগে। তাই এখানে সেতু নির্মাণ একটি গণদাবিতে পরিণত হয়েছে।
অবিলম্বে দাবি পূরণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর/৭ কার্তিক) দুপুর ২টায় ডাউকা নদীর পারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রবীণ, তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রবাসী বিশেষ করে জগদল, দরগাপাশা ও কলকলি ইউনিয়নের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরী, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, ডা মামুনুর রশিদ, এমদাদুল হক আরকান, শিক্ষক সজ্জাদ আলী, আমিরুল ইসলাম, ইসমে আজম শিহাব, মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য নূর আলম ও লায়েক আহমেদ, সমাজসেবক শাহিনুর পাশা ও শাহ আজিজ, প্রবাসী শিমুল চৌধুরী, আব্দুল হালিম তরুণ সংগঠক সালে আহমেদ খান কুতুব প্রমুখ। সঞ্চালনা করেন মুফতি সিরাজুল ইসলাম ও মকবুল হোসেন।
বক্তারা বলেন, চণ্ডিডহরে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এখানে সেতু হলে তিন উপজেলার মানুষ সরাসরি যোগাযোগের সুবিধা পাবেন এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে।