তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর/৬ কার্তিক) সকালে মহানগরীর জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন জল্লা পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন।
সিলেট সিটি কর্পোরেশন, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলমেন্ট অর্গানাইজেশন ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত পরিচ্ছনতা অভিযানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো ফেরদৌস আনোয়ার ও সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মো আমিনুল ইসলাম, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন ও নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।
সিলেট মহানগরীর বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এই কার্যক্রমে সহযোগিতা করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসক খান মো রেজা-উন-নবী বলেন, প্লাস্টিক ও পলিথিনে যেসব জলাধার ভরাট হয়ে গেছে সেগুলো পরিষ্কার করলে মশকের প্রজনন কেন্দ্র ধ্বংস হবে এবং পানির প্রবাহ বৃদ্ধি পাবে। মহানগরীর সব খাল ও ছড়া পরিষ্কার করার অভিপ্রায় নিয়েই তারুণ্যের এ উৎসবে পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন. তরুণদের হাত যেখানেই সম্প্রসারিত হবে সেখান থেকেই সকল অসঙ্গতি ও অপরিচ্ছন্নতাসহ সব রকমের সামাজিক প্রতিকূলতা মুক্ত হবে।
প্রসঙ্গত, ৭ দিনব্যাপী এ কার্যক্রমে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে সংযোগিতা করছেন বিডি ক্লিন সিলেট, স্কাউটস, সেভ সিলেট, ইউনাইটেড সুপার ওমেন, সিলেট ওয়ান্ডার ওমেন, সিলেট বাইকার্স ক্লাব, কালারফুল সিলেট, ট্র্যাভেল সিলেট, সিলেট রানার্স ক্লাব, সিলেট সাইক্লিং ক্লাব ও দ্য হিউম্যান চ্যারিটিসহ ২২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।–সংবাদ বিজ্ঞপ্তি