নাসিরনগরে শালিশ বৈঠকে আমীর আলী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশিত October 20, 2025
নাসিরনগরে শালিশ বৈঠকে আমীর আলী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শালিস বৈঠকে আমীর আলী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে দিয়ে র‌্যাব-৯ জানায়, আমীর আলী নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল এলাকার বাসিন্দা। তার পরিবারের সাথে মামলার বিবাদিদের বিভিন্ন কারণে পূর্ব থেকেই মামলা-মোকদ্দমা চলছিল। গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টায় এই বিরোধ নিষ্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক বসে।
বৈঠক চলতে থাকার একপার্যয়ে বিবাদিগণ দেশীয় অস্ত্র দা, লাঠি, লোহার রড় ইত্যাদি দিয়ে আমীর আলীকে হত্যা করে। এ ব্যাপারে তার মা বাদি হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-৪, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রবিবার (১৯ অক্টোবর) আনুমানিক রাত সোয়া ১টায় ঢাকার মিরপুর চিড়িয়াখানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার (নং ১৮, তারিখ ২৭/৯/২০২৫, ধারা ৩৪১/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড) এজাহারনামীয় ১ নম্বর ও ২ নম্বর পলাতক আসামি দাঁতমণ্ডল গ্রামের মো জালাল উদ্দিন (৪০, পিতা মৃত জাহের উদ্দিন) ও মো ছাফিল উদ্দিনকে (৪২, পিতা মৃত নূর হোসেন) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত দু’জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।