ছাতকে অপহরণ মামলার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় নাবালিকা উদ্ধার

প্রকাশিত October 17, 2025
ছাতকে অপহরণ মামলার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় নাবালিকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের ছাতকে অপহরণ মামলার ৪৮ ঘণ্টার মধ্যে এক নাবালিকা অপহৃতাকে উদ্ধার করেছে।
র‌্যাব-৯ জানায়, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রী প্রেমের সম্পর্কের সুবাদে প্রাইভেট পড়ার কথা বলে গত ১১ অক্টোবর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকের সাথে চলে যায়।
বিষয়টি নিশ্চিত হয়ে ছাত্রীর পরিবার তার প্রেমিকের পরিবারের সাথে যোগাযোগ করে; কিন্তু ফল পেতে ব্যর্থ হয়।
পরবর্তী সময়ে ছাত্রীর বাবা বাদি হয়ে ছাতক থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্রীকে উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ও ছাতক থানা পুলিশের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টায় ঢাকার রূপনগর আবাসিক এলাকায় মো মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় এবং ছাত্রী মাহফুজা আক্তার মাহাদিয়াকে (১৪, পিতা মো আবুল কালাম, রামপুর, ছাতক, সুনামগঞ্জ) উদ্ধার করে।।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।