বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচঙ্গে টমটম চালকদের হামলায় সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবারের সদস্যরা জানান, হবিগঞ্জ থেকে আউয়াল মহল পর্যন্ত সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চলাচল করছে; কিন্তু পরবর্তী সময়ে এ সড়ক দিয়ে কাটখাল গ্রামের কিছু যুবক টমটম চালু করে অটোরিকশায় যাত্রী তুলতে বাধা দিতে থাকেন। এ নিয়ে টমটম চালকদের সাথে আউয়াল মহলসহ আশপাশের ৪টি গ্রামের অটোচালকদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বিভিন্ন সময়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
সম্প্রতি এই বিরোধ চরম আকার ধারণ করে এবং ৩ দিন ধরে টমটম চালকরা অবরোধ সৃষ্টি করে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। ফলে অটোচালকদের ৪টি গ্রামের লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আউয়াল মহল মাদানীগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কাটখাল পৌঁছলে অটোটির গতিরোধ করে টমটম চালকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চালকসহ যাত্রীদের উপর হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় অটোচালক আউয়াল মহল গ্রামের মাহফুজুর রহমান রায়হান ও যাত্রী আমিরপুর গ্রামের আউয়াল মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আউয়াল মিয়া জানান, ৩ দিন ধরে টমটম চালকরা তাদের গ্রামসহ ৪টি গ্রামের লোকজনকে অবরুদ্ধ করে রেখেছেন। কোন দিক দিয়েই তাদেরকে বের হতে দিচ্ছেন না। সবদিকে রাস্তা বন্ধ করে রেখেছেন। গ্রামগুলোর লোকজন অন্য কোন পরিবহন দিয়ে যেতে চাইলে তারা তাদেরকে মারপিট করছেন। গ্রামের মেহমানদের শরীরেও হাত তোলা হয়েছে।