নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা চলাচল নিয়ে বিরোধে একজন খুনের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, নবীগঞ্জ উপজেলার কসবা এলাকায় সিএনজি অটোরিকশা চলাচল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ২ সেপ্টেম্বর সকালে জমিতে কাজ করার সময় প্রতিপক্ষের হামলার মো সাব্বির হোসেন নামের এক ব্যক্তি নিহত হন।
এ ব্যাপারে নিহতের ভাই বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৪ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজোর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সাব্বির হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি ইলাস উদ্দিনকে (৪৫, পিতা মৃত রজব আলী, কাকুরা, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।