জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী প্রবাস ফেরত নোমান উদ্দিন হত্যা মামলায় তার শ্যালক হানিফ আহমদ সুমনের (৩৮) ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে বুধবার (১৫ অক্টোবর/৩০ আশ্বিন) দুপুরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকার শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ সেপ্টেম্বর নোমান উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে নিজ দোকানে এসে সকাল ১১টার দিকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ২ অক্টোবর বাড়ির অদূরে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধান ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
নোমান উদ্দিনের ভাই রিয়াজ উদ্দিনসহ এলাকাবাসীর দাবি এ হত্যাকাণ্ডের সাথে শ্যালক সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রমের তেরাই মিয়ার ছেলে হানিফ আহমদ সুমন, বাবুর বাজার পশ্চিম গঙ্গাজল গ্রামের মামই মিয়ার ছেলে মাজেদ আহমদ ও গোলাঘাট গ্রামের তাছকিন আহমদ তাজুলসহ তার পরিবারের লোকজন জড়িত।
রিয়াজ উদ্দিনের অভিযোগ, হত্যা মামলাকে ধামাচাপা দিতে নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ও মামলার বাদি মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি তৎপরতা চালিয়ে যাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মোমেন জানান, হানিফ আহমদ সুমনের নিকট থেকে এ ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।
তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।