হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত October 14, 2025
হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে জামায়াতে ইসলামী নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এর মধ্যে একজনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। তবে একই রায়ে দু’জনকে বেকসুর খালাস এবং মৃত্যুবরণ করায় ৩ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মো কায়সার মোশারফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।
রায় প্রকাশের পর আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা দেখা দেয়। তবে সদর মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, মামলার রায় ঘোষণাার পর বাদিপক্ষ উত্তেজিত হয়ে আসামিদের উপর হামলা চালাতে উদ্যত হলে উত্তেজনা দেখা দেয়; কিন্তু পুলিশ সতর্ক থাকায় তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জামায়াতে ইসলামী নেতা মহিবুর রহমান চৌধুরীকে ২০১৩ সালের ১৭ জুন রাতে শহরের পুরান মুন্সেফি এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বড়ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালে সিআইডির পুলিশ পরিদর্শক সাজিদুর রহমান ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ২১ জন সাক্ষির স্বাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। এতে প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ে তারা মোটামুটি সন্তুষ্ট। তবে সর্বোচ্চ সাজা আশা করেছিলেন।