দিরাই প্রতিনিধি : দিরাইয়ে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ ও দক্ষ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্লেষণের জন্য সরকারি ও এনজিও কর্মীদের নিয়ে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ব্র্যাক-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি দিরাই উপজেলার সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
দিরাই ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার আবদুল কাদিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শংকর চন্দ্র দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাবলা হ্যামিলন, উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, ব্র্যাক রিজিওনাল মাইক্রোফাইন্যান্স অফিসার মো মামুনুর রশীদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এরিয়া ম্যানেজার মো নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে মানুষের সৃষ্ট কল-কারখানার কারণে পরিবেশের উপর প্রচুর প্রভাব পড়ছে। বিভিন্ন দেশে যেভাবে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হচ্ছে তাতে পরিবেশের উপর চাপ বাড়ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। আর পরিবেশ দূষিত হওয়ায় নানা রোগও সৃষ্টি হচ্ছে।
তারা বলেন, যেসব কারণে পরিবেশ দূষণ হয় সেগুলো পরিহার করতে হবে। সরকার চিকিৎসা ব্যবস্থার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তা সবাইকে জানিয়ে দিতে হবে, যাতে সবাই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে।