তাজপুরে এসএ পরিবহনের পার্সেল ডাকাতি || মূলহোতা গ্রেফতার

প্রকাশিত October 14, 2025
তাজপুরে এসএ পরিবহনের পার্সেল ডাকাতি || মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট-ঢাকা মহাসড়কে এস এ পরিবহনের পার্সেল ডাকাতির ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে গত ২৩ আগস্ট মধ্যরাতে ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় ডাকাতি হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট সুপারভাইজার বাদি হয়ে ওসমানীনগর থানায় অজ্ঞাত নামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত সোমবার (১৩ অক্টোবর) আনুমানিক বিকেল ৪টায় দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১ নম্বর পলাতক আসামি দেওয়ান হৃদয়কে (২৫, পিতা মোফাজ্জল হোসেন, বালুরচর, মতলব, চাঁদপুর) গ্রেফতরা করে ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।