সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা

প্রকাশিত October 11, 2025
সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা

সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর/২৬ আশ্বিন) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টিকাদান ক্যাম্পেইন ঘিরে যে কোন গুজব প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে কোন সংবাদের উৎস পর্যবেক্ষণ করলে গুজব বা অবাঞ্চিত সংবাদ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়।
সিসিক সিইও জানান, অনেক সময় ব্যবসায়িক কারণেও টিকা নিয়ে গুজব ছড়ানো হয়। ক্যাম্পেইনের আওতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সরকার বিনামূল্যে যে টিকা দিচ্ছে তা বেসরকারি উৎস হতে সংগ্রহ করলে প্রায় ৩০ কোটি টাকা লাগবে।
কর্মশালায় টাইফয়েড টিকাদান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিএস অফিসের মেডিক্যাল অফিসার ডা স্বপ্নীল সৌরভ রায়।
এছাড়া টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা জন্মেজয় দত্ত ও মেডিক্যাল অফিসার ডা স্বপ্নীল সৌরভ রায়।
জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক রকিবুল হাসানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ইউনিসেফ সিলেটের হেলথ অফিসার ডা মির্জা ফজলে এলাহী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগের কো-অর্ডিনেটর ডা খালিদ আহমেদ এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেটের বিভাগীয় উপপরিচালক মো নূরুল ইসলাম।
এছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন।–পিআইডি সিলেট