দিরাই উপজেলায় নতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত October 10, 2025
দিরাই উপজেলায় নতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর/২৫ আশ্বিন) প্রধান অতিথি হিসেবে এই ভিত্তিপ্রস্তর করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”আমি হাওর পাড়ের সন্তান। আমার গ্রামে কোন প্রাইমারি স্কুল না থাকায় অনেক কষ্ট করে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলাম। হাওরের পাড়া-গাঁওয়ে নারী শিক্ষার উন্নয়নে এই বিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ অন্যদেরকে উৎসাহিত করবে।”
অতিরিক্ত সচিব এই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি একটি বৃক্ষচারা রোপণ করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রশিদের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দুরে শাওরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সমাজকর্মী শাহিনুর আলম, লিটন মিয়া ও প্রভাষক পারভেজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা শিক্ষানুরাগী বুরহান উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ খান।