দিরাইয়ের নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবি

প্রকাশিত October 9, 2025
দিরাইয়ের নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবি

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দিরাই উপজেলা খেলাফত মজলিসের সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন, দিরাই পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী,পৌর বিএনপি নেতা আবুল খয়ের, দিরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুর মিয়া, পৌর যুবদলের সাবেক সহসভাপতি জিয়াউল ইসলাম ভুট্টো, ছাত্রনেতা হাবিব আহমেদ ও দিরাই সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহিত হাসান।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সারাদেশের ন্যায় দিরাই মৌজার (জে এল নং-৯৬) ধল রোডে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের স্থান নির্ধারণ করে স্থানীয় সরকারের নিরীক্ষণ কমিটি; কিন্তু একটি মহল প্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে নেওয়ার চক্রান্ত করছে।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।